বিশেষ আয়োজনে গোলাপি টেস্ট

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২১:৪৩

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছিলেন, গোলাপি বলে দিবারাত্রির টেস্ট দিয়ে দর্শক ফেরানো যাবে না। বিশেষ উপলক্ষ্যে হলেও নিয়মিত গোলাপি বলে টেস্ট খেলতে রাজি নন কোহলি।

শুক্রবার রাতে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোও কোহলির সঙ্গে সুর মেলালেন। দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচে টেস্টের সত্যিকারের আমেজটা পাচ্ছেন না এই প্রোটিয়া কোচ। তার মতে, বিশেষ আয়োজনেই এমন টেস্ট হতে পারে। তবে এসব ক্রিকেট টেস্টে নিয়মিত দেখতে চান না ডমিঙ্গো।

দিবারাত্রির টেস্ট নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে বাংলাদেশের কোচ বলেছেন, ‘অনিয়মিতভাবে হলে, এখানে কোনো সমস্যা নেই। এটাই নিয়ম হতে পারে না। দশটায় খেলা শুরু হয়, সবাই উদ্দীপ্ত এবং নার্ভাস থাকে। ১টায় শুরু হওয়া ম্যাচে একই আমেজটা আসে না। এটা পুরোই ভিন্ন রকম। এমন কিছু যা আপনি বিশেষ উপলক্ষ্যে করতে পারেন।’