পরিকল্পনা মোতাবেক চলতি সপ্তাহের যে কোনো দিন ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে নতুন এই বিসিএস পরীক্ষার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২ হাজার ১৩৫টি শূন্য ক্যাডার পদের চাহিদা পেয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ রবিবার পিএসসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি বিশেষ কমিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভায় ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র। এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে বলেন, ৪১তম বিসিএসের বিষয়ে আমাদের প্রস্তুতি রয়েছে। সভায় এটি আলোচনা হওয়ার কথা। এরপরে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে।
চলতি বছর অনুষ্ঠিত হওয়া ৪০তম বিসিএস সাধারণ হলেও ৩৯তম বিসিএস ছিল বিশেষ। তাছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪১তম বিসিএসের শূন্য পদের চাহিদা আসার পরপরই সাধারণ বিসিএস হিসেবে আয়োজেন প্রস্তুতি নেয় পিএসসি। গুঞ্জন ছিল ৪১তম বিসিএসও বিশেষ হতে পারে। কিন্তু পিএসসি সাফ জানিয়ে দিয়েছে যে, ৪১তম বিসিএস হবে সাধারণ।
ডিসেম্বরের শেষে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা : ডিসেম্বর মাসের মধ্যে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা হতে পারে। চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, আমাদের লক্ষ্য ৪০তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা। আমরা সব সময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি। এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি। একই সঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন। ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমদিকে লিখিত পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে।
