খালেদা জিয়ার সুচিকিত্সা ও মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ১৫ নেতাকর্মী আহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ৩ জনকে আটক করে পুলিশ। এতে করে জেলা বিএনপি আয়োজিত সমাবেশ পণ্ড হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে জড়ো হতে থাকে। একপর্যায়ে ১১টার দিকে শহরে টাউন হল মোড় হয়ে জজকোর্ট সড়কে একটি মিছিল আসলে পুলিশ বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তা অন্য সড়কেও ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে করে পূর্ব নির্ধারিত বিক্ষোভ-সমাবেশ পণ্ড হয়ে যায়।
