দুবাই ফেরত বিমান থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২৩:০৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে তল্লাশি চালিয়ে ঐ প্লেনের আসনের নিচ থেকে এ সোনা উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন কাস্টমস হাউজের সদস্যরা। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে ভোর ৬টা ১০ মিনিটে অবতরণ করা ফ্লাইট ‘বিজি-০৪৮’ থেকে এ সোনা উদ্ধার করা হয়। ফ্লাইটটি দুবাই থেকে এসে বোর্ডিং ব্রিজ নং-৬ এ অবতরণ করেছিল। প্লেনের ১৫ নম্বর আসনের নিচে লুকানো অবস্থায় ৪০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন চার কেজি ৬৪০ গ্রাম, বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

এদিকে গত শুক্রবার রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। ঐ যাত্রীর নাম মিল্টন ভুঁইয়া (২২)। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধার করা ইয়াবার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা। নভোএয়ার যোগে কক্সবাজার থেকে তিনি এই ইয়াবা নিয়ে ঢাকায় আসেন।