গাবতলী বাস টার্মিনাল থেকে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ঐ ব্যক্তির পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি রয়েছে।
দারুসসালাম থানার ওসি আসলাম উদ্দিন জানান, গাবতলী বাস টার্মিনালের ইনগেট থেকে ৫০ গজ ভেতরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। আশপাশের লোকজন মৃত ব্যক্তির পরিচয় জানাতে না পারলেও তারা বলেছে, তিনি এখানেই থাকতেন। ছিলেন ভবঘুরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ ময়নাতদন্তের জন্য তার লাশ শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এছাড়া কদমতলীতে রাহিমা আক্তার রিমি (১৫) নামে শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে কদমতলীর রায়েরবাগে নিজ বাসায় এ ঘটনা ঘটে। রিমি এবার জেএসসি পরীক্ষা দিয়েছে। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। রিমির মা জানান, তারা পরিবার নিয়ে রায়েরবাগ মেরাজনগরে তিনতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। রিমির বাবা ভাঙারি ব্যবসায়ী। গতকাল দুপুরে রিমি বাসায় সবার অগোচরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
