রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য দুই আরোহী। শনিবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার গোদাগাড়ী আমনুরা মহাসড়কের জৈটাবটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম কালাম (৩৩) । আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের কুরবান আলীর ছেলে ইসমাইল (২৫) ও একই এলাকার প্রবাসী শামিম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে তিনজন যুবক একটি মোটরসাইকেলে চড়ে আমনুরার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী তিন যুবক সড়কে ছিটকে পড়েন। তাদেরকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: আরো ১২৫ বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠাল সৌদি
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নিহত যুবক মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। সে সময় ট্রলির সাথে সংঘর্ষ হলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসে।
ইত্তেফাক/এসইউ
