মুরালি কার্তিকের সঙ্গে টিভি দর্শকদের জন্য পিচ রিপোর্ট করতে নেমেছিলেন সুনীল গাভাস্কার। তবে তাদের কথোপকথনে পিচ নিয়ে কথা প্রায় থাকলই না। গাভাস্কার তো রাখঢাক না রেখেই বললেন, পিচ নিয়ে কথা বলারই কারণ নেই। বাংলাদেশ এতটাই সাধারণ দল যে খেলা শেষ হবে দ্রুতই। সকালে ম্যাচের ভাগ্য নিয়ে কোনো সংশয় ছিল না। তারপরও প্রতিদিনের ধারা মেনে পিচ রিপোর্ট করতেই হয়। সেখানেই গাভাস্কার শূলে চড়ালেন বাংলাদেশ দলকে, ‘পিচ নিয়ে বলার কিছু আসলে নেই। পিচ কেমন করবে, তাতে যায়-আসে সামান্যই। এই বাংলাদেশ দল ‘অর্ডিনারি’, তাদের নিবেদন ‘অর্ডিনারি’, টেকনিক ‘অর্ডিনারি।’ পিচ যেমনই থাকুক, ম্যাচ আজকে শেষ হয়ে যাবে দ্রুতই।’
