জয়ের ধারায় রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২০:৫৮

দিনের শুরুর ম্যাচে বার্সেলোনাও পিছিয়ে পড়েই জিতেছিল। নিজেদের মাঠে গত শনিবার রিয়াল মাদ্রিদও একই ঢংয়ে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে। ৩-১ ব্যবধানের এই জয়ের ফলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল বার্সেলোনার গোল ব্যবধান কমিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে দর্শকরা তখন ঠিকঠাক আসনেও যেতে পারেননি, তখনই অধিনায়ক সার্জিও রামোস করে বসলেন এক অমার্জনীয় ভুল। থিবো কোর্তোয়াকে ব্যাকপাস দিতে গিয়ে ভুলে বলটা দিয়ে দেন সোসিয়েদাদ ফরোয়ার্ড উইলিয়ান হোসেকে। সেখান থেকে সহজ এক গোল করে সফরকারীদের এগিয়ে দেন তিনি। এরপর অবশ্য করিম বেনজেমা, ফ্রেদেরিকো ভালভার্দে আর লুকা মদ্রিচের গোলে সহজ এক জয়ই পেয়েছে কোচ জিনেদিন জিদানের দল।

তবে এদিন গোল না পেলেও পুরো ম্যাচেই তারকা এডেন হ্যাজার্ড ছিলেন দারুণ উজ্জীবিত। তার এমন পারফর্মেন্সের প্রশংসায় জিদান বলেন, ‘যৌক্তিক উন্নতিই হচ্ছে তার। সে দিনে দিনে উন্নতি করছে। সঙ্গে সঙ্গে দলটাও উন্নত হচ্ছে। কিন্তু হ্যাজার্ড পাঁচ-ছয় ম্যাচ ধরেই ভালো খেলছে এবং আমি জানি যে সে আরো ভালো করতে পারবে।’

সতীর্থ করিম বেনজেমার কণ্ঠেও ঝরে পড়ল একই সুর, ‘আমি জানি না, সে লা লিগার সেরা খেলোয়াড় কি না। কিন্তু সে ভালো খেলছে। সে ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ একজন হয়ে উঠছে এবং আমি আশা করবো সে যেনো এটা চালিয়ে যায়।’

আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে রিয়াল মাদ্রিদকে নিয়ে ঠাট্টা করে সমর্থকদের চক্ষুশূলই হয়ে বসেছেন ফরোয়ার্ড গ্যারেথ বেল। শনিবার সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার সময় দুয়োও সহ্য করেছেন তিনি। তবে এমন সময়ে কোচ জিদানকে পাশেই পাচ্ছেন তিনি। জিদানের ভাষ্য, ‘আমি আশা করবো মৌসুমের বাকি সময়টা পর্যন্ত এটা চলবে না। আমরা ভক্তদের পাশে চাই। কিন্তু এটার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।’

সেরা খেলোয়াড়রাও দর্শকদের দুয়ো সহ্য করেছেন। মৌসুম ছয়েক আগেই নিজেদের মাঠে ক্লাব কিংবদন্তি ইকার ক্যাসিয়াসকেও দুয়ো দিয়েছিল মাদ্রিদ সমর্থকরা। জিদান মনে করেন, এটা স্বাভাবিক হিসেবে মেনেই এগিয়ে যাওয়া উচিত বেলের, ‘ম্যাচটা নিয়ে আমি খুশি এবং বেল ম্যাচে দারুণ খেলেছিল। বেলের প্রতি অনেক বেশি দুয়ো দেওয়া হয়েছে, তবে সে মাঠে থাকতে চায় এবং ভালো খেলতে চায়। অনেক কিংবদন্তি খেলোয়াড়দেরও দুয়ো সহ্য করতে হয়েছে এবং এটা হয়েই থাকে।’