এসএ গেমস ফুটবল নিয়ে ঘরে বসে নেই বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ জেমি ডে। ঢাকায় যোগাযোগ রাখছেন। সেই সঙ্গে গেমস ফুটবল নিয়েও হোমওয়ার্ক করছেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু। গতকালও ম্যানেজারের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। তারই সূত্রে জানা যায় কোচ জেমি ডে বাংলাদেশের গ্রুপিং জেনে নিয়েছেন এবং নেপালের সঙ্গে বাংলাদেশের কেমন পারফরম্যান্স করতে হবে তা নিয়েও ম্যানেজারের সঙ্গে শলাপরার্মশ করেছেন জেমি ডে। আগামী ১ ডিসেম্বর এসএ গেমসের উদ্বোধন। সেই দিনই বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিক নেপাল।
রুপু বললেন, ‘আগে সেমিফাইনালের টার্গেট নিয়ে লড়াই করতে হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে নেপাল অনেক বেশি উপরে। খেলোয়াড়দের নিঃশ্বাস নিতে সমস্যা হয়। নেপালের উচ্চতা বেশি হওয়ায় ফুটবলারদের ভোগায়। আমার মনে হচ্ছে ঠান্ডার কারণে সম্যসাটা কম হতে পারে। তারপরও পাঁচ-দশ মিনিট খেলে ফেলতে পারলে মানিয়ে নেয়া যেতে পারে।’ উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে খেলতে হবে। নেপালের ফুটবলাররা তাদের আবহাওয়ায় অভ্যস্ত কিন্তু বাংলাদেশকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেয়ার ফাঁকেই যদি বাংলাদেশ গোল হজম করে বসে সেটা ফিরিয়ে দেয়া কঠিন হবে। কারণ দশরথের মাঠে পুরো গ্যালারি জুড়ে থাকবে নেপালের সমর্থকরা।
২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলায় বাংলাদেশ-নেপালের মুখোমুখি হয়ে হারের মালা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। স্বাগতিকদের মাঠে উদ্বোধনী ম্যাচ কেন হলো তা বুঝতে পারছেন না ম্যানেজার রুপু। তিন দল নিয়ে গ্রুপিংয়ে নেপালে এক নম্বরে, বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং ভুটান তৃতীয়। ফিকশ্চার অনুযায়ী এক খেলবে তিনের বিপক্ষে। সেই হিসাবে নেপালের প্রথম ম্যাচ ভুটানের বিরুদ্ধে। উদ্বোধনী খেলায় দশরথের স্টেডিয়াম ভরা থাকলেও কঠিন কিছু মনে করছেন না ম্যানেজার। তিনি বলছেন, ‘কলকাতায় ৬০ হাজার দর্শকের সামনে খেলেছে বাংলাদেশ। এখানেও সমস্যা হওয়ার কথা না।’
গত ২১ নভেম্বর এসএ গেমস ফুটবল দলের ক্যাম্প শুরু হওয়ার কথা থাকলেও হয়নি। আগামী বুধবার এসএ গেমস ফুটবল দলকে নেপালে পাঠানোর চেষ্টা চলছে। টিকিট পাওয়া গেলে পাঠানো হবে, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। আর বসুন্ধরার খেলোয়াড়দের ছাড়ের বিষয়ে তিনি জানিয়েছেন আগামীকাল বসুন্ধরার একটা প্রীতি ম্যাচ রয়েছে সেটা খেলেই খেলোয়াড়রা আসতে পারেবেন আমার সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। বুধবার নেপালে গেলে ঢাকায় এসএ গেমস ফুটবলের অনুশীলন হচ্ছে না। রুপু জানিয়েছেন তারা নেপালে গিয়ে তিন দিন অনুশীলন করতে পারবেন।
