জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী বছর। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। এ দিন থেকে বছর জুড়ে জন্মশতবার্ষিকী উদ্যাপন করা হবে। নানা অনুষ্ঠানের মধ্যে ফুটবলে প্রীতি ম্যাচেরও আয়োজন থাকবে। প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের খ্যাতনামা ফুটবল দল বর্তমানে লিগের ১০ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
আগামীকাল ম্যানইউর একটি অগ্রগামী দল ঢাকায় আসবে। ম্যানইউর বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা ঢাকায় এসে বিভিন্ন সুযোগ-সুবিধা দেখবেন এবং একটা রিপোর্ট দেবেন ম্যানইউর শীর্ষ পর্যায়ের টেবিলে। বাফুফে জানিয়েছে ম্যানইউর প্রতিনিধি দল ঢাকায় তিনটি খ্যাতনামা হোটেল পরিদর্শনে যাবে। কোথায় ফুটবলাররা অবস্থান করবেন সেটা সম্পর্কে নিশ্চিত হতে চান তারা। সেই সঙ্গে নিরাপত্তা কী কী থাকবে, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। সব কিছু চূড়ান্ত হলে ম্যানইউ বাংলাদেশে আসবে। খেলা হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন করবেন। ড্রেসিং রুম, মাঠ, ডাগআউট দেখবে।
সবকিছু পছন্দ হলে সিদ্ধান্ত। তবে খেলবে কার বিপক্ষে? এমন প্রশ্নে বাফুফের সাধারণ সম্পাদক সোহাগ বলেছেন, ম্যানইউ আসবে কি না সেটাই চূড়ান্ত হয়নি। যদি তাদের আসাটা নিশ্চিত হয় তাহলে আরেকটা প্রতিপক্ষ দল দরকার হবে। আমরা এজেন্টের মাধ্যমে কথা বলছি। আমাদের পছন্দের তালিকায় রয়েছে পিএসজি, বার্সেলোনা, জুভেন্তাস, রিয়াল মাদ্রিদসহ একাধিক দল। যাকে পাওয়া যায় আমরা আনার চেষ্টা করব।’
