কুমিল্লায় বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৯

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২১:২০

কুমিল্লায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ ও অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক ৫টি স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, অস্ত্র, জাল টাকার নোট ও চুরি যাওয়া ডিম উদ্ধার করে। এসব ঘটনায় জড়িত থাকার দায়ে নয়জনকে গ্রেফতার করা হয়।

রবিবার দুপুরে জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় জেলার কোতোয়ালি মডেল থানা, দাউদকান্দি থানা, চৌদ্দগ্রাম থানা ও জেলা ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩২ হাজার পিস ইয়াবা, ২২ হাজার পিস মুরগির ডিম ভর্তি একটি ট্রাক, দেশীয় তৈরি দুইটি বন্ধুক, গুলি এবং ২৮ হাজার টাকার জাল নোট জব্দ করেছে। এসব ঘটনায় নয়জনকে গ্রেফতার করা হয়েছে, আরো যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।