পুরো বাংলাদেশ দুর্যোগের ঝুঁকিতে থাকলেও সব অঞ্চলে সব রকম দুর্যোগ ঘটে না। খরা যেমন উত্তরাঞ্চলে, সাইক্লোন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় দক্ষিণাঞ্চলে, জলাবদ্ধতা ঢাকা ও চট্টগ্রামে—তেমনি নদী ভাঙনেও কিছু নির্দিষ্ট নদ-নদী আছে। সরকারিভাবে দুর্যোগ মোকাবিলায় নানা রকম পদক্ষেপ নিলেও ঘটমান এসব দুর্যোগের ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত না করলে যথাযথভাবে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়। প্রথমে ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত করতে হবে, তারপর সেসব প্রতিরোধে নানামুখি পদক্ষেপ নিতে হবে। অন্যথায় একেক দুর্যোগের বাজেটের অর্থ অন্য ঘটনায় ব্যবহূত হতে পারে এবং প্রয়োজনীয় পদক্ষেপে জটিলতা দেখা দিতে পারে। তাই খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কাছে নিবেদন জানাই, অতি দ্রুত দুর্যোগের ঝুঁকিপূর্ণ অঞ্চল চিহ্নিত ও সঠিক ব্যবস্থা নিয়ে দেশকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করুন।
আবদুস সালাম
ছাত্র, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
