তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুবলীগের নতুন কমিটি দেশের যুবসমাজের ভ্যানগার্ড হিসাবে কাজ করবে। যুবলীগকে নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছিল তা নতুন কমিটির মাধ্যমে দূর হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। যুবলীগের মাধ্যমে পরিচ্ছন্ন ভাবমূর্তির হাতে নেতৃত্ব তুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রতিফলন আওয়ামী লীগের সম্মেলনেও থাকবে বলে মনে করছেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ‘যুবলীগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সন্তানের হাতেই এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান অত্যন্ত শিক্ষিত ও মার্জিত এবং উজ্জ্বল ভাবমূর্তির অধিকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স করেছেন, এরপর যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। দেশের যুবসমাজ একজন শিক্ষিত নেতা পেয়েছে।’ মন্ত্রী বলেন, ‘যুবলীগের সাধারণ সম্পাদক হিসাবে যাকে দেওয়া হয়েছে তিনিও উজ্জ্বল ভাবমূর্তির অধিকারী। তাকে নিয়েও প্রশ্ন নেই। তাদের নেতৃত্বে যুবলীগ যুবসমাজের ভ্যানগার্ড হিসাবে নিজেদের গড়ে তুলতে পারবে।’ যুবলীগের নতুন কমিটির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বার্তা দিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কয়েকটি অঙ্গসংগঠনের সম্মেলন হয়েছে। সেখানে যাদের নেতৃত্বে দেওয়া হয়েছে তারা স্বচ্ছ ভাবমূর্তির সত্ মানুষ। এর মাধ্যমে রাজনীতিকে যারা কলুষিত করতে চায় এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়া জিয়াউর রহমান শুরু করেছিলেন এবং বেগম খালেদা জিয়া ও এইচ এম এরশাদ দ্বারা ষোলকলা পূর্ণ হয়েছিল সেই চক্র থেকে রাজনীতিকে বের করে এনেছেন প্রধানমন্ত্রী।’
