পাবলিক ও চাকরির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় জেলা ও উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষাসচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সরদার জাকির হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, ডিগ্রিসহ বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার কারণে প্রায় সারা বছর জেলা-উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এক রকম বন্ধ থাকে। ফলে ক্লাসে যেতে পারে না শিক্ষার্থীরা। এতে ক্ষতির মুখে পড়ে তারা। এ থেকে উত্তরণের উপায় বের করতে এ রিট করা হয়েছে।
