গণ-অভ্যুত্থানে সরকার পতনের প্রস্তুতি নিন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২২:০৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে। তাহলে খালেদা জিয়া মুক্তি পাবেন। তাই এখন দুর্বার গণ-আন্দোলনের জন্য বিভেদ ভুলে সবাইকে প্রস্তুতি নিতে হবে। এখন অন্য কোনো স্লোগান না দিয়ে সবাই স্লোগান দেবেন ‘এই সরকার নিপাত যাক।’

আমাদের সামনে একটি মাত্র লক্ষ্য আর সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য গণ-অভ্যুত্থান গড়ে তোলা।

গতকাল রবিবার নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জয়নুল আবদীন ফারুক প্রমুখ।

মির্জা ফখরুল বলেন, এই সরকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত নয়, তাই তাদের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। তারা আজ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ব্যর্থ করে দিয়েছে। সরকার সুপরিকল্পিতভাবে এ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সরকার বাংলাদেশকে লুটতরাজের রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। দেশকে এর থেকে রক্ষার একটি মাত্র উপায় হলো গণ-অভ্যুত্থান। তিনি বলেন, আমরা দেখেছি এই সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আজকের এই সমাবেশ করার জন্য আজ (গতকাল) সকাল ১০টায় অনুমতি দেওয়া হয়েছে। এরপর আমরা কোনো সভা-সমাবেশ করার জন্য কোনো ধরনের অনুমতি নেব না। সভা-সমাবেশ আমাদের গণতান্ত্রিক অধিকার; তাই আমরা আমাদের যখন ইচ্ছা সভা-সমাবেশ করব।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার থাকলে সম্ভব নয়, সরকারের পতন ঘটিয়েই বেগম জিয়াকে মুক্ত করতে হবে। প্রধানমন্ত্রী ঘণ্টা বাজিয়ে খেলা উদ্বোধন করেছেন আর এদিকে তার পতনের ঘণ্টা বেজে গেছে। তিনি বলেন, কোনো কিছুতেই সরকারের নিয়ন্ত্রণ নেই। সরকারের নিয়ন্ত্রণে থাকলে ২০ টাকার পেঁয়াজ ২০০ টাকা কেজি হয় না। কিছু লোককে টাকার মালিক বানাতে দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, খুব শিগিগরই আন্দোলনের কর্মসূচি দিয়ে বেগম জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

মির্জা আব্বাস বলেন, অবাধ দুর্নীতি করতেই খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। একটা সময় আসবে জেলের তালা ভেঙেই বেগম জিয়াকে মুক্ত করা হবে।