দুই স্বর্ণের দোকানে ডাকাতি

গাজীপুরে ১০ ডাকাত গ্রেফতার, নগদ টাকা স্বর্ণালংকার উদ্ধার

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ২৩:৫৪

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় দুইটি জুয়েলারি দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকার, ৬০০ গ্রাম রূপা ও নগদ টাকা। রবিবার সকালে গাজীপুর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শামসুন্নাহার এ তথ্য জানান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃতরা হলো: মনির মোল্যা ওরফে মনির ওরফে মনি মোল্লা ওরফে আকুব্বর হোসেন আকু (৩৮), আলমগীর হোসেন ওরফে আলম (৪০), মো. রানু শেখ ওরফে নান্নু শেখ (৩৮), মো. সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামানিক ওরফে বাবু ওরফে বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো. সুজন (২৪), মোসাম্মত্  ছুম্মা খাতুন (৩২) ও বিবেক পাল (৪২)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল ডাকাত শ্রীপুরের জৈনা বাজারের গফুর সুপার মার্কেটের নিউ দিপা জুয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্সে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে ৮০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা ও নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার গুরুতর আহত হন। পরে ঘটনার দিনের সিসি টিভির ফুটেজ পরীক্ষা-নিরীক্ষা করে এবং ২২ নভেম্বর ও ২৩ নভেম্বর সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে ১০ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত ৪৩ ভরি স্বর্ণালংকার, ৬০০ গ্রাম রূপা, ১ লাখ ৫৬ হাজার ৩২০ টাকা, সাতটি ককটেল, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সঞ্জয় সরকার ও বিবেক পাল স্বর্ণের ব্যবসায়ী। তারা স্বর্ণের ব্যবসার পাশাপাশি ডাকাতিতে যুক্ত।  ডাকাতির আগে মনির, তার স্ত্রী ছুম্মা খাতুন ও আলমগীর দোকানগুলো রেইকি করে গেছে। এদের মধ্যে মনির কালিয়াকৈর এলাকার ভান্নারা এলাকায় এবং আলমগীর গাজীপুর সদরের হোতাপাড়া এলাকায় বাসা ভাড়া থেকে ঝুট ব্যবসা ও পোশাক কারখানার চাকরির অন্তরালে ডাকাতির কাজে জড়িত রয়েছে। মনিরের বিরুদ্ধে বিস্ফোরক, ডাকাতিসহ ১১টি  মামলা রয়েছে। অন্যদিকে ঢাকার আশুলিয়ায় সঞ্জয় সরকারের ও ধামরাইয়ে বিবেক পালের স্বর্ণের ব্যবসা রয়েছে। তারা লুণ্ঠিত স্বর্ণ ও রূপা গলিয়ে অলংকার বানিয়ে বিক্রি করত।