বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এতে সাইকোলজিস্টদের পাশাপাশি কাউন্সিলর (পরামর্শক) নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ সপ্তাহে রিটের উপর শুনানি হতে পারে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদউদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে বলা হয়, তথ্য প্রযুক্তির ব্যাপকতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি, মাদকাসক্তি, আত্মহত্যার চেষ্টাসহ নানা ধরনের বিশৃঙ্খল জীবনযাপনের ঘটনা ঘটছে। এতে ভবিষ্যত্ প্রজন্ম অনিশ্চিত পরিণতির দিকে অগ্রসর হচ্ছে। এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ঐ সব প্রতিবেদনের ভিত্তিতে এ রিট করা হয়।
