যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে যোগদানের জন্য বাংলাদেশি যুবকের প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১০

যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে কাজ করার সুযোগ পেয়েছেন ময়মনসিংহের যুবক মো. মেহেদী হাসান (২২)। রয়্যাল নেভির সাধারণ প্রশিক্ষণের সময় নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে শীর্ষ পুরস্কার লাভ করেন বাংলাদেশের এই শিক্ষানবিশ। গতকাল ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষানবিশ শেফ মেহেদী হাসান গত জুলাইতে রয়্যাল নেভিতে যোগদান করেন। সামরিক পেশার প্রস্তুতি হিসেবে সম্প্র্রতি তার ১০ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ সমাপনী প্যারেডে মেহেদী হাসান ক্যাপ্টেন পদকে ভূষিত হন।

মেহেদী হাসান যুক্তরাজ্যে যান স্কাউট অ্যাসোসিয়েশনের কর্মী হিসেবে। তিনি বলেন, ‘আমি স্কাউটিং পছন্দ করি। রয়্যাল নেভিতে যোগদানে স্কাউট আমাকে সাহস জুগিয়েছে। গত ১০ সপ্তাহ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এবং আমি রয়্যাল নেভির সদস্য হতে পেরে গর্বিত।’

প্রশিক্ষণের প্রথম পর্ব শেষে পেশাদারি প্রশিক্ষণের জন্য এইচ এম এস রালেইহর ডিফেন্স মেরিটাইম লজিস্টিক স্কুলে স্থানান্তরিত হবেন তিনি। প্রশিক্ষণ শেষে তার কাজ হবে অপারেশনে থাকা সেনাসদস্য দলের জন্য রান্না করা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও রাজপরিবারের জন্য আহার পর্বের আয়োজন করা।