মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০০:১৭

ভারতের মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত আছে। এনসিপি নেতা শারদ পাওয়ার বলেছেন, বিজেপির সঙ্গে জোট গড়ার প্রশ্নই ওঠে না। কিন্তু তার ভাতিজা ও এনসিপি দলের নেতা অজিত পাওয়ার উপ-মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন। অভিযোগ উঠেছে, বিজেপি এনসিপি বিধায়কদের লোভ দেখিয়ে বাগিয়ে নিয়েছে। ‘ফ্লোর টেস্ট’ নিয়ে সুপ্রিম কোর্টে আজকের শুনানিতে নজর রয়েছে সবার। শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট বলছে, সরকার গঠনের দাবিদার তারাই। অজিত পাওয়ারকে পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে এনসিপি। কিন্তু তারপরেও সেই অজিতই বলেন, বিজেপি-এনসিপি জোটই স্থায়ী সরকার গড়বে। রাজনৈতিক মহলকে আরও স্তম্ভিত করে তার টুইট, শারদ পাওয়ারই আমাদের দলনেতা। ফলে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কার্যত গোলকধাঁধার পরিস্থিতি। শনিবার আকস্মিকভাবে বিজেপি এনসিপির সঙ্গে জোট করে সরকার গঠন করে। —এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা