উপজেলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থাকা সত্ত্বেও বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৩ হাজারেরও বেশি পরিবার। স্বাধীনতার ৪৭ বছর পর এবার বিদ্যুৎ পেতে যাচ্ছে এইসব পরিবার। সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৯-২০ অর্থ বছরের বিদ্যুৎ খাতে বরাদ্দের পর বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'ভিশন ২০২১' এর আওতায় কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের ভালুকিয়া, তিনছড়ি, মিতিয়াছড়ি, পানছড়ি, দক্ষিণ ভালুকিয়া, তিনছড়ি বটতলী, তিনছড়ি নোয়াপাড়া, কচুরীপাড়া, কালামাইশ্যা, বটতলী, রামাছড়া, তিনছড়ি পূর্ণবাসন, নারাগিরি বড়াপাড়া ও পাশ্ববর্তী এলাকাসমূহে পর্যায়ক্রমে এই সুবিধা দেয়ার কাজ চলছে।
স্থানীয় বাসিন্দা রবিন তনচংগ্যা জানান, আমরা দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে ছিলাম। একটি এলাকা উন্নয়নের জন্য অবশ্যই সেই এলাকায় বিদ্যুৎ থাকা জরুরি। এই বিদ্যুৎ আসার কারণে এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে। আরেক বাসিন্দা কিবাংগু কার্বারী জানান, বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, তার অবসান ঘটবে।
আরও পড়ুন: ইসরায়েলে হামলার পরিকল্পনা করছে ইরান : নেতানিয়াহু
রাঙ্গামাটি বিদ্যুতায়ন প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর জানান, বর্তমান সরকারের ‘ভিশন ২০২১’ বাস্তবায়নে শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এর আওতায় রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি অঞ্চলগুলোতে উন্নয়নের ছোঁয়া লেগে চলেছে। তারই ধারাবাহিকতায় কাপ্তাইয়ে ভালুকিয়া তিনছড়ি ও পার্শ্ববর্তী পাড়ায় পরিবারের মাঝে প্রাথমিকভাবে বরাদ্দ অনুযায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। পরবর্তীতে বাকিসব গ্রামের পরিবারগুলো বিদ্যুৎ সেবা আওতায় আসবে।
কাপ্তাই উপজেলা সদর হতে প্রায় ১২-১৫ কিলো দূরত্বের এসব এলাকা দীর্ঘদিন বিদ্যুৎ সেবার বাইরে থাকার কারণে বিভিন্ন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত হয়ে আছেন এলাকাবাসীরা। পরিবার ছাড়াও হাইস্কুল, প্রাইমারী স্কুল ও ধর্মীয় প্রতিষ্ঠান গুলোকে দীর্ঘদিনের যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে, এই বিদ্যুৎ আসার কারণে তার অবসান ঘটবে এবং এলাকায় শিক্ষার মানসহ সামাজিক উন্নয়ন হবে বলে জানান এলাকাবাসী।
ইত্তেফাক/এসএইচএম
