পাটগ্রামে সভাপতি পদ নিয়ে দুপক্ষে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২০:৪৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সোমবার দুই সভাপতি প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  

সোমবার দুপুর ২ টা ৩০ মিনিটে ওই ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন শ্রীরামপুর ইউনিয়ন সম্মেলনে উপস্থিত থেকে কমিটি ঘোষণা করার কথা। কিন্তু তিনি আসার আগেই সভাপতি প্রার্থী বর্তমান শ্রীরামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাশেম ও রফিকুল ইসলামের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয়পক্ষের লোকজন ইট, পাথর, দেশীয় অস্ত্র, লাটি, সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘন্টাব্যাপী ব্যাপক ধাওয়া- পাল্টা ধাওয়া চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩ রাউন্ট টিয়ারশেল ও ৫০ রাউণ্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুঁড়ে। পরে পুলিশের সঙ্গেও দুই গ্রুপের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশের দুইজন সদস্যসহ মোট ২০ জন আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন থানা পুলিশের সাব ইন্সপেক্টর আশরাফুল ইসলাম ও কনস্টেবল দিবস কুমার।

আরও পড়ুন: স্বাধীনতার ৪৭ বছর পর কাপ্তাইয়ের তিন হাজার পরিবারে বিদ্যুৎ

আহতদের মধ্যে অন্যরা হলেন- রিশাদ(২০), শহিদুল ইসলাম(৩০), রিয়াদ(১৮), রায়হান(৩৫), কমিজ(৪০), রুবেল হোসেন(৩০), রুস্তম আলী(২৫), আব্দুল জলিল(৩৫), উজ্জল(৩৫), জবেদ আলী(৩৫), কাদের (৩২), হাবিবুল ইসলাম(২৫), তারেক(৩০), একরামুল হক(৩০), জহুরুল হক(৪০) ও ভুট্টু মিয়া(৩১)।

দুই সভাপতি প্রার্থী এ ঘটনায় পরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনটি স্থগিত ঘোষণা করেন। গুরুতর আহত চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন,  'উভয়পক্ষের সংঘর্ষ থামাতে পুলিশ ৩ রাউণ্ড টিয়ারশেল ও ৫০ রাউন্ড শর্ট গানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

ইত্তেফাক/এসএইচএম