হলি আর্টিজানে জঙ্গি হামলা মামলার রায় কাল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:১০

গুলশানে আলোচিত হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় আগামীকাল ঘোষণা করা হবে। ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। বিশেষ করে কারাবন্দি দাগি জঙ্গিদের নজরদারির মধ্যে রাখা হয়েছে।

জঙ্গি বা সন্ত্রাসবাদ নিপাত করে একটি অসাম্প্রদায়িক দেশ গঠনের জন্য হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদানের আশাবাদ ব্যক্ত করেছেন এ ঘটনায় নিহতদের স্বজনরা। নিহত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের ছোটো ভাই শামসুজ্জামান শামস গতকাল বলেন, যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এই রায় আমাদের শুধু পরিবারের চাওয়া নয়, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক পরিমণ্ডলেও এর গুরুত্ব রয়েছে।      ২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে অতর্কিতে হামলা করে পাঁচ জঙ্গি। তারা ভেতরে থাকা সবাইকে জিম্মি করে। পুলিশের তাত্ক্ষণিক অভিযানের সময় জঙ্গি হামলায় নিহত হন ডিবির সহকারী কমিশনার রবিউল করিম ও বনানী থানার ওসি সালেহ উদ্দিন। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে রোহান ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বীর, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জ্বল নামে পাঁচ জঙ্গি নিহত হন। পরে হলি আর্টিজান থেকে ১৭ বিদেশি ও চার বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তাদের কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা। ঘটনার দুই দিন পর গুলশান থানার এসআই উত্তম কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

দুই বছর ২২ দিন তদন্ত শেষে গত বছরের ২৩ জুলাই তদন্তকারী সংস্থা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবীর সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/১২/১৩ ধারায় আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।