১১ দফা দাবি

পাটকল শ্রমিকদের ভুখা মিছিল

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ২২:১২

বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচুইটির টাকা প্রদান, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট ক্রয়ের অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ভুখা মিছিল করে। এদিকে শুধুমাত্র খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলে ১১ সপ্তাহে পাটকল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পড়েছে ৫৫ কোটি টাকা। এর ফলে তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছেন। এবিষয়ে ইত্তেফাক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর। 

খুলনা :১১ দফা দাবিতে সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকা ছয় দিনের কর্মসূচির প্রথম দিনে গতকাল সোমবার সকালে নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে ভুখা মিছিল বের করে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। এছাড়া পূর্ব কর্মসূচি অনুযায়ী শ্রমিকরা স্ব স্ব মিলগেটে              সভা করে। গেট সভায় বক্তৃতা করেন বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক সাহানা শারমিন, সংগ্রাম পরিষদ নেতা হুমায়ুন কবির খান,  মুরাদ হোসেন, আবু দাউদ, দীন মোহাম্মদ, বেল্লাল মল্লিক, আব্দুল মান্নান, কাউসার আলী মৃধা,  মো. হানিফ প্রমুখ। পরে পাটকল শ্রমিকরা থালা-বাসন হাতে নিয়ে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে ভুখা মিছিল বের করে। ভুখা মিছিলটি খালিশপুর বিআইডিসি সড়ক প্রদক্ষিণ করে নতুন রাস্তা হয়ে স্ব স্ব মিল গেটে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা মেনে নেওয়ার দাবি জানান। এর আগে গত শনিবার খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা আলাদা গেট সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে ছয় দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করে।

এদিকে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) জোনাল মানেজার মানাজি রহমান বলেন, খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিক-কর্মকর্তা ও কর্মচারীদের ১১ সপ্তাহের প্রায় ৫৫ কোটি টাকা বকেয়া পড়েছে। এর মধ্যে ১০ কোটি টাকা কর্মকর্তা-কর্মচারীদের এবং শ্রমিকদের বকেয়া রয়েছে ৪৪ কোটি টাকা।