জামিন পাননি ডোম-ইনোর এমডি সালাম; নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০০:১৩

প্রতারণা ও জালিয়াতির মামলায় জামিন পাননি ডোম-ইনো প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আর্কিটেক্ট মো. আবদুস সালাম। দুই সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।

প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সিল-স্বাক্ষর ব্যবহার করে মিথ্যা নকশা অনুমোদন দেখিয়ে নির্মাণ কাজ করার অপরাধে পাঁচ জনকে আসামি করে ২০১৬ সালের ৮ নভেম্বর বনানী থানায় মামলা করে দুদক। এই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে আগাম জামিন চান তিনি। তার পক্ষে ব্যারিস্টার মইনুল হোসেন এবং দুদকের পক্ষে এ কে এম ফারহান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।