বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৫:৩৪

মাদারীপুরের রাজৈরে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবাই খান (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজৈর পৌর এলাকার পশ্চিম রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবাই একই এলাকার শওকত খানের ছেলে ও স্থানীয় সরকারি রাজৈর গোপালগঞ্জ কেজেএস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। 
 
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে রুবাই ঘরের চালে লাউ কাটতে যায়। এ সময় ঘরের সামান্য ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খোলা তার আকস্মিকভাবে গলায় জড়িয়ে গেলে রুবাই ঠায় দাঁড়িয়ে থাকে। প্রতিবেশীরা এ অবস্থা দেখতে পেয়ে লাঠি দিয়ে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এতে রুবাই ঘরের চালের ওপর পড়ে যায়। পরে স্থানীয়রা রুবাইকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। 

রাজৈর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মিঠুন বিশ্বাস জানান, বিদ্যুৎপৃষ্ট রুবাইকে হাসপাতালের আনার পূর্বেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: বাংলাদেশে অনুপ্রবেশের সময় আরো ১৩ জন আটক

রাজৈর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এএএম