টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪

৫ পুলিশ আহত

 টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউছুপ জালাল বাহাদুর (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।

জানা যায়, টেকনাফ মডেল থানা পুলিশের হাতে আটক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও হত্যাসহ এক ডজন মামলার আসামি ইউছুপ জালাল বাহাদুরকে নিয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে তার আস্তানায় অভিযানে যায়। এ সময় তার সহযোগী মাদক কারবারী ও সশস্ত্র সন্ত্রাসী চক্র পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে টেকনাফ মডেল থানার এসআই শরীফুল ইসলাম, এএসআই ফারুকুজ্জামান, কনস্টেবল রুবেল শর্মা, ইব্রাহীম, মহিউদ্দিন আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। কিছুক্ষণ পর হামলাকারীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ইউছুপ জালাল বাহাদুর, ৩০ হাজার পিস ইয়াবা, ১০টি দেশীয় অস্ত্র, ১টি বিদেশি অস্ত্র ও ৪০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আহতদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের কক্সবাজারে রেফার করেন। কক্সবাজারে নেওয়ার পথে বাহাদুর মারা যায়। তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য বাহাদুর টেকনাফ সদরের ছোট হাবিব পাড়ার খলিলুর রহমানের পুত্র।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, ‘কুখ্যাত মাদক কারবারী ও সশস্ত্র গ্রুপের লিডারকে নিয়ে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলিবর্ষণ করলে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে।’