সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানের প্রথমদিন গেন্ডা বাসস্ট্যান্ড থেকে থানা বাসষ্ট্যান্ড পর্যন্ত মহাসড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলে। মঙ্গলবার দ্বিতীয় দিনে থানা বাসষ্ট্যান্ড থেকে সাভার বাজার পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকালে সহস্রাধিক অবৈধ কাঁচা-পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
সোমবার সকালে সাভার উপজেলা পরিষদের মূল ফটকের দক্ষিণ পাশে অবস্থিত নির্মিত মার্কেট থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় মার্কেটটির প্রায় দশটি দোকান উচ্ছেদ করা হয়। পরবর্তীতে মহাসড়কের বিপরীত পাশে অবস্থিত একটি বহুতল ভবনের সামনে অংশ, অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি কাঁচা-পাকা মার্কেট, পাইকারী কাঁচাবাজার, ফলের আড়ত, মাছের আড়ত, পৌরসভার যাত্রী ছাউনিসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার অভিযানের দ্বিতীয়দিন থানা বাসস্ট্যান্ড থেকে সাভার বাজার পযন্ত উচ্ছেদ চালিয়ে বেশকিছু কাঁচা-পাকা দোকান, মার্কেট, বহুতল ভবনের অবৈধ অংশ গুড়িয়ে দেয় হয়। দুদিনের অভিযানে এখন পর্যন্ত সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকীর নেতৃত্বে শুরু হওয়া অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সার্ভেয়ার, স্টাফ অফিসারসহ অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। এসময় তাদের নিরাপত্তা দেয়ার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
আরও পড়ুন: রাজশাহীতে কিশোরী ধর্ষণ মামলায় দুই ইমাম গ্রেফতার
উচ্ছেদ অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকী বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের বিভিন্ন স্থানে ৪০-৫০ ফুট এলাকা দখল করে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা তৈরি করেছে দখলদাররা। আর সওজের দখলকৃত এসব জমি উদ্ধারে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। সারা দেশের ন্যায় সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে সাভারে অভিযান পরিচালিত হচ্ছে। সাভারের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান চলবে। বিশেষ করে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আগত অতিথিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং মহাসড়ক প্রশস্ত করার লক্ষ্যেই এই অভিযান চলছে। এরই অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থায়ী ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে।
এদিকে অভিযান চলার এক পর্যায়ে মহাসড়কের পাশে পাকিজা ডাইং লিমিটেড কারখানা অবৈধ অংশ উচ্ছেদ করতে গেলে বাঁধার সম্মুখীন হন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। কারখানা কর্তৃপক্ষ প্রায় তিন হাজার শ্রমিক দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা চালায়। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে হঠিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ইত্তেফাক/এসএইচএম
