গাইবান্ধা সদর উপজেলায় প্রতারণা করে নগদ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার নয়ানী সাদেকপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
তারা হল, সদর উপজেলার ঠাকুরের দিঘি বারইপাড়া গ্রামের জফের বেপারির ছেলে নয়া মিয়া ওরফে ভুট্টু (৩০) ও শহরের কলেজপাড়ার রাজনাথ দাসের ছেলে অটোরিকশা চালক সঞ্জয় দাস (৩৫)।
গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নয়া মিয়া ও সঞ্জয় দাস জ্বীনের বাদশা সেজে পাতিল ভর্তি স্বর্ণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সদর উপজেলার নয়ানী সাদেকপুর গ্রামের গৃহবধূ হেনা বেগমের কাছ থেকে কৌশলে এক ভরি ওজনের স্বর্ণালংকার নেয়। বিষয়টি পরবর্তী প্রতারণা মনে হলে প্রতারকদের কাছ থেকে স্বর্ণ ফিরে পেতে চাইলে তারা নানা তালবাহানা শুরু করে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতারক চক্রের চার সদস্যকে সোমবার আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের মধ্যে দুইজন পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে সদর থানা নিয়ে আসে।
আরও পড়ুন: বরগুনায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক ১
তিনি আরও জানান, হেনা বেগম বাদী হয়ে প্রতারকদের বিরুদ্ধে একটি মামলা করা দায়ের করেছেন। পলাতক দুইজনকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
ইত্তেফাক/এএএম
