রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষই বিক্ষোভ করে পরিচালকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি বিচার দাবি করেছে।
অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সরা অঘোষিত ধর্মঘট শুরু করায় হাসপাতালে চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে সাধারণ রোগীরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসক অন্যনার সাথে এক নার্সের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার সকালে রাতের ঘটনার জের ধরে আবারও সেখানে ইন্টার্ন চিকিৎসক আরিফকে মারধর করে নার্সরা। তবে নার্সদের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকইরাই তাদের মারধর করেছে। এ ঘটনাকে কেন্দ্র বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমানের চেম্বারের সামনে অবস্থান নিলে নার্সরাও সেখানে পাল্টা অবস্থান নেয়। দুই পক্ষ একে অপরের বিচার দাবি করে বিক্ষোভ অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: ‘জ্বীনের বাদশা’ প্রতারক চক্রের দুই সদস্য কারাগারে
এদিকে ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা বন্ধ করে দিয়ে অঘোষিত ধর্মঘট শুরু করায় রোগীদের চিকিৎসা সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পরিচালকের কার্যালয়সহ হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. আমিনুর রহমান জানান, দুই পক্ষের সাথে আলোচনা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
ইত্তেফাক/এএএম
