ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধানের হুঁশিয়ারি
g আল জাজিরা
যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা তেহরানের ‘রেড লাইন’ অতিক্রম করলে ইরান তাদের ধ্বংস করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক শীর্ষ কর্মকর্তা। জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে গত সপ্তাহের সহিংস বিক্ষোভকে প্রত্যাখ্যান করে সরকারের সমর্থনে সোমবার এক র্যালিতে দেওয়া বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইরানের অভিজাত বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি।
রাজধানী তেহরানে দেওয়া ঐ বক্তৃতায় সালামি বলেন, ইরানের শত্রুরা এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নিতে পারেনি যার পালটা জবাব দেওয়া হয়নি। তিনি বলেন, ইরানিদের জান, মাল ও সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সালামি বলেন, বিগত ৪০ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে শত্রুরা ইরানের কাছে বহু পরাজয়ের শিকার হয়েছে। এখন পর্যন্ত তাদের তেহরানবিরোধী কোনো পদক্ষেপই সফল হয়নি। সাম্প্রতিক বিক্ষোভকেন্দ্রিক সহিংসতায় তারা সেসব পরাজয়ের প্রতিশোধ নিতে চেয়েছিল। কিন্তু অতীতের মতো এবারো তারা ব্যর্থ হয়েছে।
আইআরজিসি প্রধান বলেন, সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার পর সারা দেশে দুষ্কৃতকারীদের প্রতি ঘৃণা জানিয়ে যেসব পালটা বিক্ষোভ হয়েছে তা ছিল যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে মারাত্মক চপেটাঘাত। ইরান, সিরিয়া, ইরাক ও লেবাননে শত্রুদের অশুভ পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল সালামি।
জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশ জুড়ে শুরু হওয়া সাম্প্রতিক বিক্ষোভ ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন আইআরজিসির উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। তিনি দাবি করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনে ‘ভাড়াটে বিক্ষোভকারীরা’ অংশ নিয়েছিল। দেশ জুড়ে আটক হওয়া ‘ভাড়াটে বিক্ষোভকারীদের’ কঠোর শাস্তি দেওয়ারও অঙ্গীকার করেছে দেশটি। বিক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের কঠিন সাজা দিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানান ফাদাভি।
১৫ নভেম্বর ইরানি কর্তৃপক্ষ সরকারি রেশনে দেওয়া পেট্রোলের দাম ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। লিটারপ্রতি রেশনের পেট্রোলের দাম ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার রিয়াল করার কথা জানায় কর্তৃপক্ষ। ব্যক্তিগত গাড়ির জন্য মাসিক বরাদ্দ হিসেবে তেলের পরিমাণ ৬০ লিটার নির্ধারণ করে দেওয়া হয়। এর বাইরে বাড়তি পেট্রোলের প্রয়োজন পড়লে লিটারপ্রতি দাম পড়বে ৩০ হাজার রিয়াল। সরকারের ঐ ঘোষণার পরই দেশ জুড়ে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকারবিরোধী আন্দোলনে। আন্দোলন দমন করতে নিরাপত্তা বাহিনীর শতাধিক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিক্ষোভকে কেন্দ্র করে অন্তত ১৪৩ জনকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
