নষ্ট তেলে বেকারি পণ্য তৈরি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:০৪

মৌলভীবাজারের বড়লেখায় ৬ প্রতিষ্ঠানকে দুই লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পোড়া (নষ্ট) পাম তেলে বেকারি পণ্য তৈরি, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে পণ্য তৈরি এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া দই বিক্রির জন্য এ জরিমানা করা হয়। 

মঙ্গলবার বড়লেখা পৌর শহরের তিনটি বেকারি ও তিনটি মিষ্টির দোকানে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) সিলেট কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আদালত পরিচালনা করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল তিনটা পর্যন্ত বড়লেখা পৌর শহরের কলেজ রোড, উত্তর চৌমুহনী, হাজীগঞ্জ বাজার ও নারী শিক্ষা কলেজ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তিনটি বেকারিতে নষ্ট পাম তেলে বেকারি পণ্য তৈরি, বিএসটিআইয়ের অনুমতি ছাড়া কেক, ব্রেড, চানাচুর, বিস্কুটসহ বেশ কিছু পণ্য অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি করতে দেখা গেছে। এই অভিযোগে শ্যামলী ফুড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে এক লাখ টাকা, বড়লেখা সরকারি কলেজ এলাকার বিসমিল্লাহ বেকারিকে ৫০ হাজার টাকা, উত্তর চৌমুহনী এলাকার গ্রামীণ ফুডকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। 

আরো পড়ুন: দলের ব্যর্থতার মাঝেও র‌্যাংকিংয়ে উন্নতি মুশফিকের

অপরদিকে বিএসটিআইয়ের অনুমতি এবং উৎপাদন ও মেয়াদের তারিখ সংক্রান্ত তথ্য ছাড়া দই বিক্রির জন্য পৌর শহরের পাল মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা, পুষ্প মিষ্টি ঘরকে পাঁচ হাজার টাকা ও ঝুমা মিষ্টি ঘরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. শামীম আল ইমরান বলেন, তিনটি বেকারিতে খুবই অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পোড়া (নষ্ট) পাম তেল ও চিনির উপকরণ পাওয়া গেছে। সেগুলো ফেলে দেওয়া হয়েছে।


ইত্তেফাক/জেডএইচ