বাঁশখালীতে কাভার্ড ভ্যানে ভ্রাম্যমাণ ফিলিং স্টেশন!

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:৩০

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেচুরিয়া বিল এলাকার প্রধান সড়কের পাশে ভ্রাম্যমাণ ফিলিং স্টেশনের মাধ্যমে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে গ্যাস বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট কাভার্ড ভ্যানে করে সিএনজি-ভর্তি সিলিন্ডার নিয়ে এসে ঐ স্থান থেকে খুচরা হিসেবে দীর্ঘদিন ধরে বিক্রি করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্যাস নিতে আসা সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কের ওপর দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে, সম্প্রতি ঐ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম বিস্ফোরক অধিদপ্তর। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম ঐ ফিলিং স্টেশনসংশ্লিষ্ট দীপেশ চক্রবর্তী নামের এক ব্যক্তিকে অবৈধভাবে গ্যাসব্যবসার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং কাভার্ড ভ্যানে সিলিন্ডার ভর্তি করে এই অবৈধ গ্যাসব্যবসা বন্ধের নির্দেশও প্রদান করেন; কিন্তু  বিস্ফোরক অধিদপ্তর ও প্রশাসনের ঐ নির্দেশ অমান্য করে আবারও এই গ্যাসব্যবসা চালিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ ঐ ফিলিং স্টেশন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার বলেন, কিছুদিন আগে ঐ স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আবারও কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রির অভিযোগটি আমরা তদন্ত করে দেখব।