ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার এএসআই কর্তৃক পরিবহন শ্রমিককে বেধড়ক মারধরের ঘটনায় থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত থানা ঘেরাও করে রাখে। এসময় থানার সামনের ময়মনসিংহ-ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করে রাখে। পরে এএসপির আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
বিক্ষোভকারী শ্রমিকরা জানিয়েছে, ফুলবাড়ীয়া কেআই ফাজিল মাদ্রাসা রোডে জনৈক সেলিম মাস্টারের বাসায় ভাড়া থাকেন থানার এএসআই আমিনুল ইসলাম। সোমবার দিবাগত রাতে কোন এক সময় তার বাসায় চুরির ঘটনা ঘটে। প্রাণীসম্পদ রোডে ভোর পর্যন্ত আ. কদ্দুস ডিলারের গোডাউনে বিস্কুট নামান বিসমিল্লাহ কার্গো সার্ভিস নামের একটি কাভার্ডভ্যান। ভ্যানটি মালামাল নামিয়ে ত্রিশাল পর্যন্ত চলে গেলে এএসআই ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি আটক করে ফুলবাড়ীয়া নিয়ে আসে। পরে চালক রফিকুল ইসলামকে (৪০) তার বাসায় নিয়ে বেধড়ক মারধর করে। এ খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে সন্ধ্যার পর থানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।
আরও পড়ুন: ২ শতাধিক তরুণীকে বিদেশে পাচারের তথ্য র্যাবের হাতে
খবর পেয়ে সার্কেল এএসপি আল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। চালক রফিকুল ইসলামকে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/এএএম
