রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালে ১ জুলাই ঘটে যাওয়া জঙ্গি হামলায় নিহত পুলিশের এসি রবিউলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক রায় চেয়েছেন নিহতের পরিবার। বুধবার (২৭ নভেম্বর) মামলাটির রায়ের দিন ধার্য করা আছে।
রবিউল মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের বড় ছেলে।
এক প্রতিক্রিয়ায় মা কামনুন্নেসা বেগম বলেন, জঙ্গিদের বিচারে এমন শাস্তি দেওয়া হোক যেন তা সারাবিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকে। আর কেউ যেন জঙ্গিবাদে না জড়ায়।
ছোট ভাই শামসুজ্জামান শামস জানান, এই রায়ের দিকে শুধু দেশবাসী নয় বরং বিশ্ববাসীও তাকিয়ে আছে।
জানা যায়, এসি রবিউল তার নিজ উদ্যোগে ২০১২ সালে গ্রামের ঝরে পড়া প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার জন্য নির্মাণ করেন ব্লুমস নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, পুরো স্কুল জুড়ে রয়েছে রবিউল ইসলামের স্মৃতি। শুধু নেই তিনি। স্বেচ্ছাসেবী কয়েকজন সদস্যের অক্লান্ত চেষ্টায় ধীরগতিতে হলেও এগিয়ে যাচ্ছে রবিউল ইসলামের স্বপ্নের এই প্রতিষ্ঠান।
ইত্তেফাক/এসি
