দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা ও সংস্থার উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান তাকে জিজ্ঞাসাবাদ করছেন। গত ১২ নভেম্বর তাকে তলব করে চিঠি দেয় সংস্থাটি।
জিজ্ঞাসাবাদ শেষে দুদক কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক ইমরোজ খালিদী বলেন, আসলে একটা বিনিয়োগ হয়েছে, একটা কোম্পানি বিনিয়োগ করেছে, বিনিয়োগ হওয়ার পর সেটা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। সেটা তারা (দুদক) খতিয়ে দেখবার চেষ্টা করছেন এবং আমার কাছে যেটা মনে হয় যে, তারা দেখবেন, খতিয়ে দেখবেন।
এদিকে এ ব্যাপারে দুদক সচিব দিলোয়ার বখত সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিডিনিউজের শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ গ্রহণ এবং মানি লন্ডারিং অভিযোগ রয়েছে। সে ব্যাপারে তাকে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
