নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর উলাই’য়াহ বাংলাদেশের নেতা আব্দুল্লাহ আল মাহফুজকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মাহফুজের ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ইতোপূর্বে মাহফুজসহ ১৪ জঙ্গি সদস্যের তিনদিন করে রিমান্ড এবং হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে ৫ দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু কালাম ইত্তেফাককে বলেন, আব্দুল্লাহ আল মাহফুজকে প্রথমে তিন দিনের রিমান্ডে আনা হয়েছিল। তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মাহফুজের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারো রিমান্ডে আনা হয়েছে।
তিনি আরো জানান, পুলিশ হেফাজতে ৫ দিনের রিমান্ডে রয়েছেন হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলম। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত ২২ নভেম্বর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের ১৫ জন সদস্যকে আটক করে পুলিশ।
ইত্তেফাক/ইউবি
