সেপটিক ট্যাংক থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৬:৩৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দ্বিতীয় স্ত্রী মারুফা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিলেন স্বামী শহীদুল ইসলাম। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য থানায় স্ত্রী নিখোঁজ হয়েছে মর্মে জিডিও করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। শহীদুল ওই গ্রামের মৃত লালচাঁন কারিকরের ছেলে।

জানা গেছে, বুধবার দুপুরে ওই সেপটিক ট্যাংক থেকে বিকট দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসীর সন্দেহ হয়। এরপর বিষয়টি আঁচ করতে পেরে তারা শহীদুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে সে তার স্ত্রীকে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখার বিষয়টি অকপটে স্বীকার করেন। তার দেওয়া বর্ণনা অনুযায়ী সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় মারুফা বেগমের মরদেহ।

পুলিশের তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে শহীদুল ইসলাম জানায়, গত ১৭ নভেম্বর শ্বাসরোধ করে মারুফাকে হত্যা করে সে। এরপর পুকুরের মধ্যদিয়ে মরদেহ টেনে নিয়ে গিয়ে সেপটিক ট্যাংকে লুকিয়ে রেখেছিল। এরপর ১৯ নভেম্বর আর সে নিখোঁজ হয়েছে মর্মে জিডি করেছিল।

আরও পড়ুন: রাবিতে ‘সি’ ইউনিটে প্রথম হাসিবুর, অন্য ইউনিটে অকৃতকার্য!

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শহীদুল ইসলাম নিজের স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  

ইত্তেফাক/এএএম