তাহমিনা মিলি
আনা ডি আরমাস অভিনীত ‘নাইভস আউট’ ছবিটি মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। রহস্য ধাঁচের গল্প নিয়ে আবর্তিত এ ছবিতে তার অভিনীত চরিত্রের নাম মার্টা কাবরেরা। ৮৫তম জন্মদিনে নিজ বাড়িতে পরিবারের অনেককে আমন্ত্রণ জানান সফল রহস্য উপন্যাস লেখক হারলিন থ্রমবে। প্রচুর অর্থসম্পদের মালিক এই মানুষটি তার ৮৫তম জন্মদিনের রাতে রহস্যজনকভাবে খুন হন। বিখ্যাত এই লেখকের মৃত্যু রহস্য উন্মোচনে তত্পর হয় অনেকেই। সেই রহস্যময় খুনের ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে বিচিত্রসব ঘটনা। হারলিনের নার্স মার্টা তার দেখভালের দায়িত্ব পালন করত। বুড়ো মানুষটির সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়া এক যুবতীর ভূমিকায় অভিনয় করেছেন কিউবান অভিনেত্রী আনা ডি আরমাস। ৩১ বছর বয়সী কিউবান সান্তা ক্রুজ ডেল নর্টে জন্ম গ্রহণ করেন। হাভানা শহরে বেড়ে উঠেছেন। মায়ের দিক থেকে স্প্যানিশ নাগরিকত্ব লাভ করেছেন। তার কথার টানে স্প্যানিশ ছোঁয়া লক্ষ করা যায়। যখন তার বয়স মাত্র ১২, তখন অভিনেত্রী হওয়ার ব্যাপারে মনস্থির করেন। কিউবার ন্যাশনাল থিয়েটার স্কুলে ভর্তি হয়ে যান অভিনয়ের নানা কৌশল হাতে কলমে শেখার জন্য। ২০০৬ সালে ডি আরমাসের অভিষেক ঘটে অভিনয়ে। তার প্রথম অভিনীত সিনেমাটি ছিল ‘উনা রোসা ডি ফ্র্যান্সিয়া’। ১৮ বছর বয়সে ডি আরমাস স্পেনে পাড়ি জমান। স্প্যানিশ টিভিতে ‘এল ইন্টারনাডো’ সিরিজে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হন। এরপর আরো বেশ কিছু স্প্যানিশ টিভি সিরিজে অভিনয় করেন। সেখানেও বড় পর্দায়ও কাজ করেন। ২০১৪ সালে ডি আরমাস লস অ্যাঞ্জেলস চলে আসেন। ২০১৫ সালে তাকে দেখা যায় কিয়ানু রিভসের সঙ্গে ‘নক নক’ ছবিতে। ২০১৬ সালে বিখ্যাত এই অভিনেতার সঙ্গে আবারও অভিনয় করেন ‘এক্সপোজড’-এ। ছবিটি তাকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। একই বছর ‘ওয়ার ডগস’ ছবিতে অভিনয় করেন। ২০১৭ সালে ফরাসি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওভারড্রাইভ’-এ অভিনয়ের মাধ্যমে নিজেকে ভিন্নভাবে পরিচিত করেন তিনি। তবে ‘ব্লেড রানার ২০৪৯’ ছবিতে জই চরিত্রে অভিনয়ের মাধ্যমে আরো অনেকটা এগিয়ে যাওয়া সম্ভব হয়। বলা যায়, ডি আরমাসকে হলিউডে উজ্জ্বল অবস্থানে প্রতিষ্ঠিত করেছে ‘ব্লেড রানার ২০৪৯’ ছবিটি। গত বছর তাকে কোনো পূর্ণদৈর্ঘ্যের সিনেমায় না দেখা গেলেও ‘কোরাজান’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে দেখা গেছে। চলতি বছরে কিউবান এই অভিনেত্রীর ক্যারিয়ারে উল্লেখ করার মতো ব্যাপার ঘটেছে। ইতিমধ্যে তার অভিনীত ‘ইয়েস্টারডে’, ‘দ্য ইনফরমার’, ‘ওয়াসপ নেটওয়ার্ক’ ছবিগুলো মুক্তি পেয়েছে। স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘এন্টারিং রেড’-এ অভিনয় করেছেন। তবে ‘নাইটস আউট’ ছবিটি আনা ডি আরমাসের ক্যারিয়ারে অন্যরকম সংযোজন হিসাবে বিবেচিত হবে। হলিউডের অনেক চলচ্চিত্রবোদ্ধা মন্তব্য করেছেন। আনা ডি আরমাস বর্তমানে অনেকগুলো সিনেমার কাজ নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর তার অভিনীত ‘নো টাইম টু ডাই’ ‘ডিপ ওয়াটার’, ‘দ্য নাইট ক্লার্ক’ ও ‘ব্র্যান্ড’ ছবিগুলো মুক্তি পাবে।
