পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হলো নাটক ‘বিভাজন’

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ১৮:৫৩

মনসুর উদ্দিন আহমেদ ইকবাল

হবিগঞ্জ প্রতিনিধি

 

ভারতের পশ্চিমবঙ্গের ৪টি মর্যাদাপূর্ণ নাট্যোত্সবে সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করে দেশে ফিরেছে জীবন সংকেত নাট্যগোষ্ঠী। উত্সবগুলোতে জীবন সংকেত তাদের ২৮তম প্রযোজনা ‘বিভাজন’ নাটকটি মঞ্চায়ন করে। জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনুর নেতৃত্বে ৩০ জনের একটি দল গত ১০ নভেম্বর ভারত গমন করে।

গত ১২ নভেম্বর বহরমপুর রবীন্দ্র ভবনে রঙ্গভূমি নাট্যোত্সব, ১৪ নভেম্বর পুরুলিয়ার রবীন্দ্র ভবনে কাঁসাই-কপোতাক্ষ নাট্যোত্সব, বর্ধমান লোক সংস্কৃতি মিলনায়তনে গঙ্গা-যমুনা নাট্যোত্সব ও কলকাতা মধ্যম গ্রামে অগাস্তো বো-আল মিলনায়তনে ‘বিভাজন’ নাটকটির সফল মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

জীবন সংকেতের নাটককে ঘিরে ৪টি উত্সবেই মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। দেশ-বিভাগের পটভূমিতে রচিত নাটকটি অনবদ্য অভিনয় ও পরিবেশনা রীতি উপস্থিত দর্শকদের মুগ্ধ ও আবেগাপ্লুত করে। নাটক শেষে দর্শকরা করতালির মাধ্যমে জীবন সংকেতের নাট্যশিল্পীদের অভিনন্দিত করেন এবং নাটকটির ভূয়সী করেন। নাটকটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আর্থিক সহযোগিতায় পুনঃনির্মাণ করা হয়। বহরমপুরে পূর্ত দপ্তরের অধিক্ষক বাস্তুকার প্রণব বিশ্বাস, মধ্যম গ্রামে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুরঞ্জন মিদ্যে, পুরুলিয়ায় অতিরিক্ত জেলা শাসক সুপ্রিয় দাস ও এডিএম ইন্দ্রনীল ভট্টাচার্য, বর্ধমানে প্রখ্যাত নাট্য নির্দেশক ও সমালোচক অংশুমান ভৌমিক প্রমুখ উপস্থিত থেকে জীবন সংকেতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

নাটকটিতে অভিনয় করেন অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, মাজহারুল ইসলাম পাভেল, নুসরাত জাহান জিসা, জিনাত জাহান নিশা, ইমতিয়াজ চৌধুরী তুহিন, প্রশান্ত ভট্টাচার্য্য, শুভ বণিক, তন্বি পাল, সুজন চৌধুরী, সুভাষ আচার্য্য, হাবিবুর রহমান মুরাদ, মো. রিয়াজ উদ্দিন, জুয়েল রায়, ধীমান চন্দ প্রমুখ। জীবন সংকেতের সভাপতি অনিরুদ্ধ কুমার ধর শান্তনু নাটকটি পুনরায় মঞ্চায়নে যারা আর্থিক ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।