‘কাবাডির হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই’

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৩১

ব্রোঞ্জ জয়ী যুব কাবাডি

দলকে সংবর্ধনা

 স্পোর্টস রিপোর্টার

জাতীয় খেলা কাবাডি দেশের মানুষের কাছে জনপ্রিয়, তারপরও এই খেলাটিকে আরো জনপ্রিয় করতে কাজ করবে কাবাডি ফেডারেশন। বছরে ১০-১২টি খেলার আয়োজন ছাড়াও দেশের কাবাডি দল নিয়মিত বিদেশের টুর্নামেন্টেও অংশহগ্রহণ করছে। সাফল্য বয়ে আনছে। সামনে আরো বড়ো সাফল্য বয়ে আনবে এমন প্রত্যাশার কথা শুনিয়েছেন কাবাডি ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। সম্প্রতি ৯-১৫ নভেম্বর ইরানে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ তৃতীয় স্থান পেয়ে ঘরে ফিরেছে। দলের সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের কাবাডির জন্য এটা বড়ো সাফল্য। বিশ্ব কাবাডিতে নতুন শক্তির জানান দিয়েছে বাংলাদেশ। তরুণ খেলোয়াড়দের এমন সাফল্যে উজ্জীবিত ফেডারেশন সভাপতি গতকাল পুলিশ হেড কোয়ার্টার্সের সম্মেলন কক্ষে পুরো দলকে সংবর্ধনা দিয়েছেন। কোচ সুবিমল জানিয়েছেন যুব কাবাডি দল নিয়ে কখনো দেশের বাইরে যাওয়া হয়নি। এবারই প্রথম গিয়ে যে অর্জন তুলে এনেছেন তারা, সেটা কাবাডির জন্য স্মরণীয় হয়ে থাকবে। ৪৫ খেলোয়াড়ের মধ্যে বাছাই করে ২৪ জনে নামিয়ে সেখান হতে ১৪ জন খেলোয়াড় ভারতে প্রশিক্ষণ নিয়ে ইরান গিয়েছিলেন কোচ। ফেডারেশন সভাপতি খেলোয়াড়দের প্রতি খুবই আন্তরিক। তিনি দুপুরে মূল হলে সংবাদ সম্মেলন শেষ করেই পাশের একটি হলে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন। নিজে কথা বলার আগেই খেলোয়াড়দের মাঝ থেকে জানতে চাইলেন তোমরা কিছু বলতে চাও? কেমন খেললে। ইরানে অভিজ্ঞতার কথা শুনতে চান। সুবিধা-অসুবিধার কথাগুলো মন দিয়ে শুনলেন সভাপতি জাবেদ পাটোয়ারী। তরুণ খেলোয়াড়রা বলছিলেন ইরানে অন্যান্য দেশের বিপক্ষে লড়াই করে বুঝা গেল অন্যদের ফিটনেস তাদের মতোই। নাইম বললেন, ‘ফিটনেস আমাদের মতোই কিন্তু ওদের স্পিড বেশি। ওরা বারো মাস অনুশীলন করে। ম্যাচ নিয়ে আমাদের অভিজ্ঞতা ছিল না।’ কোচ সুবিমল বলছিলেন, ‘ফিকশ্চার তৈরি নিয়ে ঝামেলা হয়েছিল। এটা সাংগঠনিক একটা সমস্যা।’ সব কথাই শুনলেন সভাপতি। পরে প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে ব্রোঞ্জ ট্রফি আনা হয়েছিল। কাবাডি ফেডারেশন সভাপতি সবার হাতে ১০ হাজার টাকা করে উপহার দিয়েছেন এবং আরো ভালো খেলার প্রেরণা দেন। এসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক অতিরিক্ত ডিআইজি (ডেভেলপম্যান্ট) গাজী মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএ গেমস কাবাডিতে পুরুষ ও মহিলা দল অংশগ্রহণ করছে। ফেডারেশন সভাপতি জানিয়েছেন, পুরুষ দলকে নিয়েই তাদের প্রত্যাশা বেশি। স্বর্ণ জয়ের প্রত্যাশা। ফেডারেশন সভাপতি জানিয়েছেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে রাতের খারাপ পরিবেশ দিনের আলোর মতোই থাকবে। আর ক্যাসিনো কান্ডে বন্ধ থাকা ক্লাবগুলো খেলার স্বার্থে তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারে জানিয়েছেন তিনি।