হিযবুত তাহরির নেতা মাহফুজ আবারও আট দিনের রিমান্ডে

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৪৭

চট্টগ্রাম অফিস

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরির উলাইয়াহ বাংলাদেশের নেতা আবদুল্লাহ আল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। ইতিপূর্বে মাহফুজসহ ১৪ জঙ্গি সদস্যের তিন দিন করে রিমান্ড এবং হিযবুত তাহরিরের আঞ্চলিক প্রধান আবুল মোহাম্মদ এরশাদুল আলমকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছিল আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু কালাম বলেন, আবদুল্লাহ আল মাহফুজকে প্রথমে তিন দিনের রিমান্ডে আনা হয়েছিল। তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মাহফুজের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে।