গলাচিপায় ইউনিয়ন যুবলীগ সভাপতি আটক

আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২১:৫১

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

গলাচিপায় বুধবার ১৮ বস্তা ন্যায্যমূল্যের ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের অভিযোগে চর কাজল ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন পঞ্চায়েতকে আটক করেছেন  সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট। চালসহ আটককৃত শাহীন গলাচিপা থানা হেফাজতে রয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সমির কুমার রায় জানান, উপজেলার চরকাজল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যের ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হয়। মঙ্গলবার ১২ মেট্রিক টন চাল নিয়ে ডিলার শাহিন চরকাজল ইউনিয়নের চরশিবা লঞ্চঘাটে পৌঁছান। বুধবার বেলা ১২টার দিকে ১৮টি বস্তায় আনা মোট ৫৪০ কেজি চাল বস্তা ভেঙে আত্মসাতের উদ্দেশ্যে সাধারণ প্লাস্টিকের বস্তায় ভরার সময় এলাকার লোকজন শাহিনকে ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে  সহকারী কমিশনার (ভূমি) সুহূদ সালেহীন ৫৪০ কেজি চালসহ ডিলার শাহিনকে আটক করে থানায় সোপর্দ করেন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সুহূদ সালেহীন জানান, এ ব্যাপারে উপজেলা খাদ্যা নিয়ন্ত্রককে নিয়মিত  মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।