চাটমোহরে যৌন নির্যাতনবিরোধী মানববন্ধন
চাটমোহর (পাবনা) সংবাদদাতা পাবনার চাটমোহরে বুধবার দুপুরে সারাদেশব্যাপী নারী ও শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে যৌন নির্যাতনবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসস্ট্যান্ডে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বেসরকারি সংস্থা এলডিও এই মানববন্ধনের আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, এলডিওর নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু, প্রোগ্রাম অফিসার আশরাফুল ইসলাম, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, শামীম হাসান মিলন প্রমুখ। মানববন্ধনে জনপ্রতিনিধি, নারী, শিশু, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তানোরে লটারির মাধ্যমে ধান ক্রয় উদ্বোধন
তানোর (রাজশাহী) সংবাদদাতা চলতি আমন মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের জন্য কৃষকদের নামসংবলিত স্লিপ দিয়ে লটারি করা হয়েছে। মঙ্গলবার রাজশাহীর তানোর উপজেলা সম্মেলন কক্ষে লটারি করা হয়। কৃষি বিভাগের নিবন্ধনকারী ৩০ হাজার কৃষক থেকে লটারির প্রথম দিনে তানোর পৌরসভা ও কলমা ইউনিয়নের মাধ্যমে ৫৭৮ কৃষক নির্বাচিত করা হয়েছে। লটারি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান লুত্ফর হায়দার রশীদ ময়না। লটারিতে বিজয়ী কৃষকরা ২৬ টাকা কেজিদরে জন প্রতি এক মেট্রিক টন করে ধান সরকারি ক্রয়কেন্দ্রে বিক্রি করতে পারবেন।
দেবীগঞ্জে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বুধবার দুপুরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১১শ জন কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রেল পথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. নূরল ইসলাম সুজন।
পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপি ক্লাস পার্টি অনুষ্ঠিত
পিরোজপুর অফিস পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের হ্যাপি ক্লাস পার্টি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা যোগ দেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ পার্টিতে প্রধান অতিথি ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসকের সহধর্মিণী রিজিয়া সুলতানা। স্কুলের অধ্যক্ষ হোসনেয়ারা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী ও সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। এরপর ক্লাস পার্টির কেক কাটেন অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা। শেষে শিক্ষার্থীরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মোরেলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষকে দুর্যোগ সহনশীল হিসেবে গড়ে তুলতে বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সমন্বয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন জাপান কনজারভেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের দুর্যোগ প্রিভেনশন বিশেষজ্ঞ মি. নাকামুরা কিওমি। স্বাগত বক্তব্য রাখেন, শাপলা নীড় টোকিও জাপান এর চেয়ারপার্সন কাজুতাকা সাকাগুচি। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, মাষ্টার আবুল খায়ের।
মনোহরগঞ্জে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার মনোহরগঞ্জে স্যানিটেশন, পরিবেশ, জন্ম নিবন্ধন, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক এক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ কর্মশালাটির আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিসর্গ মেরাজ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে চিকিত্সকদের মতবিনিময়
সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে চিকিত্সকদের স্বাস্থ্যসেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ জাহাঙ্গির আলম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ এহসেন আরা এ্যানী, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সাইফুল্লাহ আল-কাফি প্রমুখ।
নেত্রকোনায় শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টা উপজেলার বেসরকারি সংস্থা পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের (পিইপি) উদ্যোগে আসমা ও বাউসি ইউনিয়নে ৯৯টি হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার হাজীগঞ্জ বাজার রুরাল হাসপাতাল প্রাঙ্গণে দাতা সংস্থা ‘পেনিআপিল-ইউকে’ এর অর্থায়নে উইন্টার ইমারজেন্সি কর্মসূচি আওতায় উক্ত সামগ্রী বিতরণ করা হয়। পিইপির চেয়ারপার্সন ড. এম.জি. নিয়োগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের সাবেক সচিব নুরুননবী তালুকদার।
কোটালীপাড়ায় চিকিত্সার জন্য আর্থিক সহায়তা প্রদান
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বেসরকারি সংস্থা আশার পক্ষ থেকে দরিদ্রদের মধ্যে চিকিত্সার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার আশার কোটালীপাড়া শাখা ম্যানেজার মো. সালাউদ্দিন তালুকদার তার নিজ কার্যালয়ে বসে ১৬ জন দরিদ্রের মাঝে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় শাখাটির কর্মকর্তা- কর্মচারীগণ উপস্থিত ছিলেন। ম্যানেজার মো. সালাউদ্দিন তালুকদার বলেন, আমাদের সংস্থাটির যারা সদস্য আছেন তারা বিভিন্ন সময় অসুস্থ হলে যদি সহায়তা চেয়ে আমাদের কাছে আবেদন করে তাহলে আমরা তাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকি।
