ডিআরইউ অ্যাওয়ার্ড পেলেন
১০ সাংবাদিক
বিশেষ প্রতিনিধি
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জঙ্গিবাদ নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছেন, জঙ্গিবাদে প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন চরমপন্থি নির্মূলে বড়ো বাধা। বেগম খালেদা জিয়াসহ বিএনপির সিনিয়র নেতারা সবসময় জঙ্গিদের নিয়ে দায়িত্বহীনভাবে কথাবার্তা বলে আসছেন। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে সাংবাদিকদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী রাজধানীর হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার রায় উল্লেখ করে বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ জঙ্গিবাদ দমনে বিশাল সাফল্য দেখিয়েছে।
ডিআরইউ এবার ১০টি ক্যাটাগরিতে ১০ জন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ ৫০ হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জুরি বোর্ডের চেয়ারম্যান ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার।
ডিআরইউর সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক আফজাল বারী। এবারের বিজয়ীরা হলেন: প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরির মুক্তিযুদ্ধ বিষয়ে দৈনিক যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা ও স্বাস্থ্যে ডেইলি স্টারের মোহাম্মদ আল মাসুম মোল্লা, ডিআরইউ সৌজন্যে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, বাণিজ্য ও অর্থনীতিতে যুগ্মভাবে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিমউদ্দিন হারুন ও দৈনিক কালের কণ্ঠের জিয়াদুল ইসলাম, ক্রীড়ায় দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যে দৈনিক সমকালের তপন দাস। টেলিভিশন ক্যাটাগরিতে সেবা খাতে এনটিভির শফিক শাহীন, রূপায়ন গ্রুপের সৌজন্যে অনুসন্ধানে একাত্তর টিভির নয়ন আদিত্য এবং বাণিজ্য ও অর্থনীতিতে চ্যানেল২৪-এর মোর্শেদ হাসিব হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউর যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, তথ্য, প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মো. এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন ও রাশেদুল হক।
