কুষ্টিয়ায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিত্সাধীন কামরুজ্জামান ইমন (২৩) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। মিরপুর উপজেলায় ‘সমর্পণ’ নামক মাদক নিরাময় ও মানসিক চিকিত্সা সহায়তা পুনর্বাসন কেন্দ্রে সম্প্রতি এ ঘটনা ঘটে। ইমন উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের এজাজুল আজিম রিপনের ছেলে ও রাজশাহী সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। ২০ নভেম্বর ওই কেন্দ্র থেকে ইমনকে মিরপুর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল বুধবার নিরাময় কেন্দ্রটির মালিক আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। নির্বাহী মেজিস্ট্রেট রাকিবুল হাসান ঐ কেন্দ্রটি সিলগালা করে দিয়েছেন।
গত মঙ্গলবার ওই পুনর্বাসন কেন্দের সিসি টিভির ধারণকৃত ফুটেজে কলেজছাত্র ইমনকে পোটানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। তবে নিরাময় কেন্দ্রের দাবি ওই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে হূদ রোগে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সেলিম উদ্দিন ফারাজি জানান, ইমনের শরীরে আঘাতের চিহ্ন ছিল। ওসি আবুল কালাম জানান, সিসি ফুটেজ পর্যবেক্ষণসহ পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
