বিশ্ব সংবাদমাধ্যমে হলি আর্টিজান মামলার রায়

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৩১

গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে ২০১৬ সালে জঙ্গি হামলা মামলার রায় গতকাল বুধবার ঘোষণা করা হয়েছে। এই হামলা ছিল বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এতে নিহত হন বেশ কয়েকজন বিদেশি নাগরিক। গতকাল রায় ঘোষণার পর এই খবর জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, সিএনএন, কাতারভিত্তিক আল-জাজিরা, জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে, বার্তা সংস্থা এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রচার ও প্রকাশ করে।

বিবিসি ইন্টারন্যাশনালের অনলাইনে ‘হলি আর্টিজান ক্যাফে :বাংলাদেশ ইসলামিস্টস সেন্টেন্সড টু ডেথ ফর ২০১৬ অ্যাটাক’ শিরোনামে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রায়ে সাত জনের মৃতুদণ্ড দেওয়া হয়েছে। হামলার ঘটনায় আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করা হলেও বাংলাদেশের দাবি, স্থানীয় একটি জঙ্গি সংগঠন ঐ হামলা চালিয়েছে। হামলাকারী সবাই ঐ নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়।

‘সেভেন মেন সেন্টেন্সড টু ডেথ ফর রোলস ইন বাংলাদেশ’স ডেডলিয়েস্ট টেরর অ্যাটাক’ শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। খবরে বলা হয়, এ মামলায় আসামিদের বিচারে বাংলাদেশ সরকার একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে। রায় ঘোষণার পর আসামিদের কয়েকজন নিজেদের খিলাফতের সেনা বলে চিত্কার করতে থাকে।

‘বাংলাদেশ :সেভেন ইসলামিস্ট মিলিট্যান্টস সেন্টেন্সড টু ডেথ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ডয়েচে ভেলে। প্রতিবেদনে বলা হয়েছে, সাত আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত তাদের সর্বোচ্চ সাজা দিয়েছে।

আল-জাজিরা শিরোনাম করেছে—হলি আর্টিজান ক্যাফে অ্যাটাক :ঢাকা কোর্ট সেন্টেসেস সেভেন টু ডেথ। খবরে বলা হয়েছে, এই রায়কে স্বাগত জানিয়েছে রাষ্ট্রপক্ষ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খালাস পাওয়া এক আসামির বিরুদ্ধে আপিল করা হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম করা হয়েছে—বাংলাদেশ সেন্টেসেস সেভেন টু ডেথ ফর ২০১৬ ক্যাফে অ্যাটাক। খবরে বলা হয়েছে, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তরা আদালতেই ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দেয়। তারা বলতে থাকে—আমরা অন্যায় কিছু করিনি। দুই আসামি এ সময় মাথায় আইএসের চিহ্নবাহী টুপি পরে ছিল।

এর বাইরে ভারতের আনন্দবাজার পত্রিকা, টাইমস অব ইন্ডিয়া, ব্রিটেনের দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।