রাজীব গান্ধীর ফাঁসির রায়ে গ্রামবাসী ও স্বজনরা খুশি

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০০:৪৩

হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় গাইবান্ধার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ সাত জনের ফাঁসির রায়ে স্বস্তি প্রকাশ করেছেন রাজীব গান্ধীর স্বজন ও তার গ্রামবাসীরা। 

রাজীব গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর ভুতমারাঘাট (চকদাতেয়া) গ্রামের ওসমান মুন্সির ছেলে। ওসমান মুন্সির দুই স্ত্রী। রাজীব প্রথম স্ত্রী রাহেলা বেগমের ছেলে। রাহেলা বেগমের দাবি রাজীবের এই জঙ্গি তত্পরতার বিষয়ে তিনি কিছুই জানতেন না। রাজীবের ছোট বোন রেজওয়ানা খাতুন জানান, ‘প্রায় ১৩ বছর আগে ভাই (রাজীব) মায়ের সাথে নানা বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে চলে যান। তারপর থেকে সেখানে বসবাস করত। তিনি আরো জানান, ভাই কখন কীভাবে জঙ্গি কার্যক্রমে জড়িয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানতেন না।

রাঘবপুর গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম জানান, আমরা এই রায়ে অনেক খুশি। দ্রুত এ রায় কার্যকর হলে এলাকায় স্বস্তি ফিরে আসবে। ‘জঙ্গিদের আস্তানা’ বলে এই গ্রামের আর বদনাম থাকবে না। একই কথা জানালেন গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের মুনজুরুল ইসলাম। রাজীবের বড় ভাই আবু তাহের (৪৪) বলেন, ‘তার কর্মকাণ্ডের কথা শোনার পর থেকে আমরা তাকে ঘৃণা করি। আমরা এই রায়ে অনেক খুশি। রাজীবের আরেক ভাই আলী হোসেন (৪০) বলেন, তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। এছাড়া তার ফাঁসির রায়েও আমাদের কোনো অনুশোচনা নাই।’