সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৭:২৯

চুয়াডাঙ্গায় সরকারি চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে  ৯ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটককৃত শাহ জামাল মিন্টু (৩৫) পঞ্চগড়ের আটুয়ারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। 

জেলার দামুড়হুদা উপজেলার চন্ডিপুর গ্রামের রফিকুল ইসলাম জানান, তার দুই ছেলে বাদশা মিয়াকে মৎস্য অধিদপ্তরে এমএলএসএস  ও হাকিম আলীকে স্বাস্থ্য বিভাগে কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়ার নাম করে মিন্টু প্রথমে ৭ লাখ ২০ হাজার টাকা এবং আজ ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছে। 

আরও পড়ুন: মামা-ভাগ্নের বিরুদ্ধে কিশোরীর ধর্ষণ মামলা, গ্রেফতার ১

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে ওই প্রতারককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে  ৯ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সে বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার নাম করে চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ভুয়া সেনাবাহিনীর মেজর পরিচয়ে প্রতারণা করে আসছিল। প্রকৃতপক্ষে সে সেনাবাহিনীর চাকুরিচ্যুত একজন সৈনিক। তার মানি ব্যাগ থেকে দুটি দৈনিক পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়। এছাড়া রফিকুল ইসলাম ও তার দুই ছেলে বাদশা মিয়া ও হাকিম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। 

আটক শাহ জামাল মিন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএএম