হাওয়া-বাতাস

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:০৮

সরকার মাসুদ

 

ওই কাশফুল মেঘ রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে

শুধু আমার সম্মতির অপেক্ষা!

এই ঝিরিঝিরি লম্বা ঘাস, পানির ওপরের,

দোল খাওয়ার জন্য রেডি হয়ে আছে...

খালি আমার সংকেতের জন্য যা একটু দেরি!

 

হাওয়া কী দেয় আমাদের

হাওয়া উস্কে দেয় বিশ্বাস আর সংশয়

ছিন্নবৈচিত্র্যের দিন হাওয়া আবার

যোগসূত্র তৈরি করে হূদয় ও জলছবির মাঝে!

 

বাতাস বয়ে নিয়ে যাবে এই পলিথিন মেঘ

কিন্তু কোথায়?

পানিবর্তী লম্বা ঘাস, ছিটপোকা,

ছোটগল্পের জীবনছবি ফুটবে আঁধারে!

 

শরতে রংপাগলের মন পাল তুলে দিয়েছে মেঘের নদীতে

হাওয়া তৈরি করেছে সাঁকো

হাওয়া ভেঙে দিয়েছে সাঁকো

ভাদ্রের লুকোচুরি রোদে

হাওয়া আনে ভালোবাসার ভুয়া আশ্বাস

ডালপালার ফাঁকে ছেঁড়া আশা ঝুলে থাকে সুতাকাটা ঘুড়ি।