শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর অনেক বছর ধরেই টিভি সিরিজের জন্য গল্প লিখছেন। তার লেখা গল্পে নির্মিত হয়েছে একাধিক মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের গল্পে ‘বাড়ি’ সিরিজ এবং গোয়েন্দা কাহিনিভিত্তিক ‘ছোটকাকু’ সিরিজগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার তিনি লিখেছেন ‘মিষ্টিপান’ নামের একটি গল্প। এ গল্পে এরইমধ্যে নাটকও নির্মিত হয়েছে। প্রায় ১০ পর্বের এ সিরিজে উঠে এসেছে ঢাকা শহরের ইতিহাস-ঐতিহ্য। তবে একটি খুনের ঘটনা উদঘাটনের চেষ্টার মধ্য দিয়ে এ সিরিজের মূল গল্প এগিয়ে চলে। গোয়েন্দা কাহিনিভিত্তিক এ সিরিজে একটি খুনের ঘটনা উদঘাটনের দায়িত্বে থাকেন সিআইডি কর্মকর্তা তারিক আনাম খান। আর সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে একজন নৃত্যশিল্পী হিসেবে এবং টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন নিশাত প্রিয়া। সিরিজটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এ সিরিজে আরো অভিনয় করেছেন কণ্ঠশিল্পী আগুন, এসএম মহসীন, খলিলুর রহমান কাদেরী প্রমুখ। সিরিজটি চ্যানেল আইতে প্রচার হবে শুক্র ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে।
